আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কিংবদন্তি গায়ক জুবিন গার্গের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সোজাসাপটা হত্যা। মঙ্গলবার আসাম বিধানসভায় বিরোধীদের প্রস্তাবিত স্থগিতাদেশের আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
জুবিন গার্গ সিঙ্গাপুরে অংশ নিয়েছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে (এনইআইএফ) এবং সেখানে স্কুবা ডাইভিং করার সময় ৫২ বছর বয়সে মারা যান।
শর্মা বলেন, “প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে এটি কোনো গাফিলতির কারণে ঘটেনি। একজন ব্যক্তি গার্গকে হত্যা করেছে এবং অন্যরা এতে সহযোগিতা করেছে। হত্যার সঙ্গে জড়িত চার থেকে পাঁচজনকে আসামি করা হচ্ছে।”
ঘটনাটি নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ৬০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। আসাম পুলিশ এর জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে। পাশাপাশি গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকারের নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে।
এই ঘটনায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত, গায়কের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্ত এবং গার্গের চাচাতো ভাই পুলিশ গ্রেপ্তার করেছে। গার্গের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নন্দেশ্বর বরা ও প্রবীন বৈশ্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে ১ কোটি ১০ লাখ রুপি লেনদেনের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে: খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলাজনিত মৃত্যু ঘটানো।
মুখ্যমন্ত্রী শর্মা জানিয়েছেন, SIT দ্রুত চার্জশিট দাখিল করবে এবং মামলার বিস্তারিত তথ্য রাজ্যের জনগণকে জানানো হবে। ডিসেম্বরে অভিযোগপত্র জমা দেওয়ার পর তদন্তের পরিধি বাড়ানো হবে যাতে অবহেলা, বিশ্বাসভঙ্গ এবং অন্যান্য দিকগুলোও অন্তর্ভুক্ত করা যায়। এছাড়া সিঙ্গাপুর পুলিশও গার্গের মৃত্যুর ঘটনায় আলাদা তদন্ত করছে।

