সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া শহরের যানজট কমাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিএনজি অটোরিকশা নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, ট্রাফিক ইন্সপেক্টর হাসান আল মামুন,বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ,সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,শহরের অভ্যন্তরে স্থায়ী সিএনজি স্ট্যান্ড থাকবে না। আপাতত উত্তরবাজার ও দক্ষিণবাজারে থাকা সাতটি অস্থায়ী স্ট্যান্ডে প্রতিটি স্থানে দুটি করে সিএনজি রাখা হবে এবং বাকিগুলো নির্ধারিত স্থানে অবস্থান করবে।
ইউএনও মো. মহিউদ্দিন জানান,অটোরিকশা নেতৃবৃন্দ ২০ আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় পেয়েছেন। তারপরও যদি কেউ নিয়ম ভঙ্গ করে,তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

