বরগুনার আমতলী উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে জহিরুল সিকদার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন চাচাতো ভাই মুনসুর সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক মুনসুরকে রক্তমাখা ছুরিসহ আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে মুনসুর সিকদারের পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই ফরিদ ও জহিরুলদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। রোববার (১১ জানুয়ারি) এই বিরোধের জেরে মুনসুর একটি ছুরি নিয়ে ফরিদকে ধাওয়া করেন। একপর্যায়ে মুনসুর ছুরি ছুড়ে মারলে তা ফরিদের পায়ে লাগে।
ফরিদের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর ভাই জহিরুল সিকদার। তিনি মুনসুরকে নিবৃত্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে মুনসুর তাঁর পেটে সরাসরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান: “জহিরুল সিকদারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পেটে ছুরিকাঘাতের গভীর ও স্পষ্ট ক্ষত চিহ্ন ছিল।”
হত্যাকাণ্ডের খবর পেয়ে আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখান থেকে অভিযুক্ত মুনসুর সিকদারকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করে।
সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুম জানান, অভিযুক্তকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

