চলতি সপ্তাহেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের আগমনী বার্তা মিলছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে এসব অঞ্চলে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।
শুক্রবার (৭ নভেম্বর) বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,
“উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল-লেপ রেডি করুন! আগামী কয়েক দিনের মধ্যেই রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে।”
সংগঠনটি জানিয়েছে, দেশের মধ্য ও পূর্বাঞ্চলসহ আরও কিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা এখনো তুলনামূলকভাবে উষ্ণ থাকবে— ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে দিনে গরম অনুভূত হলেও রাতের বেলায় বাড়বে শীতের অনুভূতি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনেও ৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমার কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এই তাপমাত্রা কমার ধারা কয়েক দিন অব্যাহত থাকবে। তবে ১৭ থেকে ১৮ নভেম্বরের দিকে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রা হ্রাসই মৌসুম পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত। এখনই দেশের উত্তরাঞ্চলে হালকা কুয়াশা দেখা দিচ্ছে, যা ডিসেম্বরের শুরুতে ঘন আকার নিতে পারে।
স্থানীয় কৃষক ও শ্রমজীবী মানুষজন ইতোমধ্যে সকালে হালকা শীতের অনুভূতি পাচ্ছেন বলে জানিয়েছেন।

