সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
রেলওয়ে যাত্রীসেবায় স্বচ্ছতা আনতে ও অনিয়ম ঠেকাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদারের নেতৃত্বে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়-‘এনআইডি যার,টিকিট তার’ নীতির আওতায়।
অভিযানে উপস্থিত ছিলেন; শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার,স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন,
“স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ছে।”
ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান,অভিযানে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন,“টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

