সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। আকস্মিক মৃত্যুর ফলে সংগীত জগৎ শোকস্তব্ধ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুবিন উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ অংশগ্রহণ করতে সিঙ্গাপুর যান। তিনি ছিলেন উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উদ্বোধনী দিনে মঞ্চে পারফর্ম করার কথা থাকলেও পারফরম্যান্সের আগেই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়।
মৃত্যুর মাত্র এক দিন আগে জুবিন সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান এবং বলেন, “উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার জন্য এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।”
জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল আকর্ষণ। ভিডিও পোস্টের শেষ অংশে তিনি লিখেছিলেন, “সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!”—এই আমন্ত্রণই হয়ে রইল তার জীবনের শেষ বার্তা।
‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি…’ গান গেয়ে জুবিন ভারতের পাশাপাশি আন্তর্জাতিক সঙ্গীতপ্রেমীদের হৃদয় জিতেছিলেন।

