বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসন থেকে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী নির্বাচনের পর দেশকে শক্তিশালী গণতন্ত্রে রূপান্তর করতে দেশীয় সৃজনশীল চিন্তাবিদ ও তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগাতে চান।
বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজে কলেজের নবীনবরন ও ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মের ভাষা ও চিন্তাভাবনা বুঝে নতুন শিক্ষাক্রম তৈরি করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, “ডিজিটাল সাইকোলজি যদি শিক্ষকদের মধ্যে কাজ না করে, তাহলে ছাত্র-ছাত্রীদের মধ্যে সংযুক্ত করা যাবে না।”
সভায় বরিশাল সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আয়মান হাসান রাহাত, বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন এবং বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।
প্রতিষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠান শেষ হয়।

