রাজধানীর তেজগাঁও এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। এই হামলায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার পর বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেজতুরি বাজারের স্টার কাবাবের পাশের একটি গলি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকধারী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে দ্রুত পান্থপথের বিআরবি (BRB) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একজন মারা গেছেন এবং অন্যজন চিকিৎসাধীন।
ঘটনার পরপরই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

