চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি:
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫” বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সেলিনা আক্তার। তিনি সভার শুরুতে নির্বাচন কমিশন প্রণীত আচরণ বিধিমালার বিভিন্ন দিক ভিডিও স্লাইড প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করেন। পরে তিনি নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত আচরণ বিধিমালার সকল গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
সভায় উপস্থিত ছিলেন ৩৮ ইস্ট কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাঈদ, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাহেদ হোসেন, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. আজিম, নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া সভায় বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রাসেদ ও সাধারণ সম্পাদক আবু হুরায়রা, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফোরকানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেন। বক্তারা আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

