গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে মঞ্জু বেপারী (৫০) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে পৌরসভার ৯নং পূর্ব কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মঞ্জু ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন-শনিবার দিবাগত রাতে ভ্যান চালক মঞ্জু এক যাত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে এগারটার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ভ্যানের ওপর শুয়িয়ে রাখে।
স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে দ্রুতভাবে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সে (মঞ্জু) মারা যায়। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. টিপু সুলতান জানিয়েছেন-নিহত ব্যক্তির শরীরে কমপক্ষে ১০/১২ টি কোপের চিহ্ন রয়েছে। তাকে
হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই চিকিৎসা শুরু করা হলেও বাঁচানো যায়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন-নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

