মশাবাহিত রোগের বিস্তার বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ চারটি দেশের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এই রোগের কার্যকর কোনো নিরাময় নেই—এ কারণে ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা মানার পরামর্শ দেওয়া হয়েছে।
সিডিসি জানায়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই সতর্কতা বহাল থাকবে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণমণ্ডলীয় কয়েকটি দেশে সফরের পরিকল্পনা করছেন এমন মার্কিন নাগরিকদের জন্য এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে বর্তমানে এমন মশাবাহিত রোগ ছড়াচ্ছে, যার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, রোগটির কোনো চিকিৎসা না থাকলেও এটি প্রতিরোধযোগ্য। যেখানে সংক্রমণ দেখা দিয়েছে, সেখানে ভ্রমণের আগে প্রয়োজনীয় টিকা গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
চিকুনগুনিয়া ভাইরাসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর ও অস্থিসন্ধিতে তীব্র ব্যথা। পাশাপাশি মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া এবং র্যাশও দেখা দিতে পারে। সাধারণত আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পায় এবং অধিকাংশ রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।

