মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা,ফুলছড়ি):
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদে উত্তরাধিকারী সনদে জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়নের ভরতখালী ২নং ওয়ার্ড সদস্য মোঃ মাহবুবুর রহমান হাতে-নাতে ধরা পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভরতখালী ২নং ওয়ার্ডের মৃত খতিব উদ্দিনের ছেলে রহিম উদ্দিন তার ভাইবোন ও মাকে বাদ দিয়ে এককভাবে উত্তরাধিকারী সনদ তৈরি করেন। ওই সনদে ইউপি সদস্য মাহবুব সাক্ষর করেন। পরবর্তীতে রহিম উদ্দিন তার জমির অংশ বিক্রয়ের জন্য ক্রেতা আবু নাসেরকে সনদটি দেন। কিন্তু জমি ক্রেতা আবু নাসের স্থানীয়দের মুখে মৃত খতিব উদ্দিনের আরো উত্তরাধিকারী থাকার কথা শুনতে পান। পরে অনলাইনে যাচাই করতে গিয়ে খতিব উদ্দিনের অন্য উত্তরাধিকারীদের নাম দেখতে বেরিয়ে আসে । বিষয়টি তাৎক্ষণিকভাবে মেম্বার মাহবুবকে জানানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে সরজমিন সাংবাদিকরা গেলে বিষয়টি টের পেয়ে মেম্বার মাহবুব তড়িঘড়ি করে সনদ সংস্কার করে দেন এবং দাবি করেন, তিনি ভুলবশত ওই সনদে সাক্ষর করেছিলেন।
এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন বলেন, “ এই মেম্বার মাহবুব টাকা খেয়ে এর আগেও এমন জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। মেম্বার নিশ্চিত হয়ে সাক্ষর করার পর চেয়ারম্যান হিসেবে আমি সনদে সাক্ষর করি। তবে আপনাদের মাধ্যমে জানতে পারলাম এই বিষয়ে ব্যবস্থা নেয়া ও উত্তরাধিকারী সনদ প্রদানে ইউপি মেম্বারগণকে আরো কঠোর ও সচেতন হবার কথা জানান ”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, জালিয়াতির সঙ্গে জড়িতদের মেম্বারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

