আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):
গতকাল বুধবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম নগরীর ফৌজদারহাট টোল রোডে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই তরুণ।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার মো. সোহান (২৭)। অনিক চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম (IIUC)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন।
স্থানীয়রা জানান যায়, টোল রোডে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো সড়কবাতি নেই। ফলে রাতের বেলায় এলাকায় ঘন অন্ধকার নেমে আসে। তারা অভিযোগ করেন, এমন অবস্থায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে না থাকলে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায়। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি ছিল অত্যন্ত বেশি, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের তরুণ কম্পিউটার প্রকৌশলীর অকাল মৃত্যুতে আইআইইউসি স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করে।

