সুলতান মাহমুদ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের মিলনায়তনে এ কর্মশালা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলায় ৮ লাখ ৯৩ হাজার ১২৮ জন শিশুকে বিনামূল্যে ১ ডোজ টিকা প্রদান করা হবে। টিকা নিতে হলে জন্মনিবন্ধন সনদের ১৭-সংখ্যার নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৪৭৭ জন শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীরা এই টিকার আওতায় আসবে। ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নে ৩৬০ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহাজান সিদ্দিক, ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ শরিফ এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাদিয়া আফরিন শেফা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. আল আমিন টাইফয়েড বিষয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
কর্মশালা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সিভিল সার্জন অফিস এবং জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনায় বক্তারা বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মারা যায়। উন্নত দেশগুলোতে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে এটি এখনো অন্যতম জনস্বাস্থ্য সমস্যা।
দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজ-এর ২০২১ সালের তথ্য অনুসারে, বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ৮ হাজার মানুষের মৃত্যু হয়, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত এক মাসব্যাপী সারা দেশে এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

