জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শব্দদূষণ রোধে শরীয়তপুরে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে দুই ট্রাকচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত শব্দসৃষ্টিকারী তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসন, শরীয়তপুর ও পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের যৌথ উদ্যোগে সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ০২ (দুই) জন ট্রাকচালককে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, শরীয়তপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। অভিযানে জেলা আনসার ও ভিডিপি, শরীয়তপুরের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

