শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
অনলাইনে বিভিন্ন দেশের ভিসার দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন।
আটককৃতরা হলেন—সৈয়দপুর উপজেলার ধলাগাছ মাঝাপাড়া এলাকার মো. রবিউল ইসলামের ছেলে মো. মুন্না ইসলাম (২০) ও একই এলাকার মো. মনসুর আলীর ছেলে মো. সানজিদ রায়হান (২২)। অভিযানের সময় অজ্ঞাতনামা ২-৩ জন আসামী দৌড়ে পালায়ে গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় মুন্নার হাতে থাকা ১টি (Vivo Y21) এন্ড্রয়েড মোবাইল ফোন এবং সানজিদের টাউজার প্যান্টের পকেট হতে ১টি (Oppo A76) এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। যা প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইনে ভিসা সংক্রান্ত প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সৈয়দপুর থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৫ অক্টোর, ২০২৫; জি আর নং-২৩৩, তারিখ- ২৫ অক্টোর, ২০২৫; ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২) (খ)/১৮(২) (গ)/২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/ ২৭(২) (১) তৎসহ পেনাল কোড ৪০৬/৪২০ ধারা রজু করা হইয়াছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

