খুলনা প্রতিনিধি:
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ইসলাম ধর্মের ফরজ বিষয় নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। আজ বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযোগ তদন্ত শেষে মোঃ রাসেলকে আজীবনের জন্য এবং তনয় রায়কে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর গত ৫ আগস্ট থেকে মোঃ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে “জুলাই আন্দোলন” এবং ইসলাম ধর্মের বিভিন্ন ফরজ বিধান নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তিনি ধর্মীয় প্রতীক, কুরআনের আয়াত, ইবাদত এবং আলেম সমাজ নিয়ে একাধিক কটূক্তিমূলক পোস্ট দেন। এছাড়া, আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘লাল গেঞ্জি’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন এবং ‘জিহাদ’ বিষয়ে অবমাননাকর মন্তব্য করেন।
একই সঙ্গে, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়ের বিরুদ্ধেও ইসলাম ধর্মের ফরজ বিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী লিখিতভাবে অভিযোগ করলে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপকে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তারা বলেন, “ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধে আঘাত কোনোভাবেই সহ্যযোগ্য নয়। প্রশাসনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”

