রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসল করার সময় দুই বন্ধুর মৃত্যু ঘটেছে। দুপুর দেড়টার দিকে বড়াল নদে উৎসমুখের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রিহান ইসলাম (১৭) থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে এবং মাহিদ হোসেন (১৭) একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ দিনের বেশির ভাগ সময় একসাথে থাকতেন। স্থানীয়রা তাদের “মানিকজোড়” বলে ডাকতেন। সোমবারও তারা কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলেছিলেন এবং এরপর বড়াল নদে গোসল করতে নেমেছিলেন। নদীর পানির গভীরতা কিছু জায়গায় অনেক বেশি থাকলেও অনেক জায়গায় পানির স্তর হাঁটুর উচ্চতায় ছিল।
মাহিদ সাঁতার জানলেও রিহান তা জানতেন না। নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় রিহান ডুবে যাওয়ার উপক্রম হলে মাহিদ উদ্ধার করতে গিয়ে নিজেও ডুবে যায়। সাথে থাকা অন্য বন্ধুরাও কিছু করতে না পারায় দুজন তলিয়ে যায়। আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা উদ্ধার কাজে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ প্রচেষ্টা শেষে মৃত্যুর খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে পৌঁছানো হলেও জেলা স্টেশন থেকে ডুবুরি দলের আগমনে কিছুটা সময় লেগেছে, যা উদ্ধার প্রক্রিয়ায় বিলম্বের কারণ হয়েছে।

