ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলতে গিয়ে বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)। তারা দুজনেই সম্পর্কে মামাতো ফুফতো ভাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, কিছুদিন আগে উত্তর কুট্টপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে শিশু আদনান। সকালে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলা করছিল আদনান। একপর্যায়ে দুজনেই পুকুরে ডুবে যায়।
বাড়ির লোকজন শিশুদের না দেখে অনেক খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরে তাদের থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

