কাজী মফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
অবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
এরআগে এই আসনে আসনে বিএনপির আগের মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে দেওয়া হয়। তাকে বহাল রেখেই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে রোববার এ মনোনয়নপত্র দেয়া হয়। বর্তমানে এ আসনে বিএনপির মনোনীত দুজন প্রার্থী দলের পক্ষ থেকে নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে কবির আহমেদ ভূইয়া মনোনয়নের ঘোষণার পর কসবা ও আখাউড়া এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে।
দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঞাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া মুশফিকুর রহমান সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কবির আহমেদ ভূঞার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনিই ওই আসনের জন্য দলের চূড়ান্ত ও একক প্রার্থী। অন্যদিকে মুশফিকুর রহমানের সমর্থকেরা বলছেন, দল প্রথমে মুশফিকুর রহমানকেই মনোনয়ন দিয়েছে। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। মুশফিকুর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। তবে যাচাই-বাছাইয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে দলের হয়ে ভোটের মাঠে থাকবেন কবির আহমেদ ভূঞা।
এ বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া কবির আহমেদ ভূঞা বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সোমবার মনোনয়নপত্র জমা দেব। শেষ পযন্ত দল আমাকে মূল্যায়ন করায় আমি অত্যন্ত খুশি। আমি দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। আজ আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমাকে মূল্যায়ন করায় আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাই কমান্ডের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে মুশফিকুর রহমানের মনোনয়নের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
মুশফিকুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন জানান, পূর্বে দেওয়া মনোনয়নটি বহাল আছে। কোনো কারণে প্রথম প্রার্থীর মনোনয়নটি বাতিল হলে দ্বিতীয় মনোনীত প্রার্থী যেন দলের পক্ষ থেকে নির্বাচন করতে পারেন, সেজন্য ব্যাকআপ হিসেবে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।

