ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর নাটকীয় অভিযানে আটকের পর এবার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবার সরকার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) রাতে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে ট্রাম্প তাকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের অভিযোগ, পেত্রোর শাসনামলে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে কোকেন সরবরাহ করা হচ্ছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন যে, কলম্বিয়ার বর্তমান সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কলম্বিয়াতে ভেনেজুয়েলার মতো কোনো সামরিক অভিযানের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প রহস্যজনকভাবে উত্তর দেন, “শুনতে ভালোই লাগছে।”
কলম্বিয়ার পাশাপাশি কিউবা নিয়েও নিজের শক্ত অবস্থানের কথা জানান ট্রাম্প। তার মতে, কিউবা বর্তমানে পতনের মুখে দাঁড়িয়ে আছে এবং সেখানে হয়তো সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না। ট্রাম্প বলেন, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলা ও সেদেশের জ্বালানি তেল। যেহেতু ভেনেজুয়েলা এখন মার্কিন বলয়ে চলে আসছে, তাই কিউবার বর্তমান সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব।
গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন এলিট ফোর্স ‘ডেল্টা ফোর্স’ এক বিশেষ অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে। তাদের নিউইয়র্কে নিয়ে আসা হয়েছে এবং আজ সোমবার স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে তাদের হাজির করার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছে।
ভেনেজুয়েলায় এই নাটকীয় পরিবর্তনের পর ট্রাম্পের এমন আগ্রাসী বক্তব্যে লাতিন আমেরিকার দেশগুলোতে ব্যাপক আতঙ্ক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

