জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন আগের মতো নয়, যেখানে মানুষ শুধু দলের নাম বা প্রতীক দেখে ভোট দিত।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা পুরনো রাজনৈতিক পদ্ধতির ওপর আস্থা রেখেছেন এবং মনে করছেন নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়েই জয় সম্ভব, তাদের এখন সতর্ক হওয়া উচিত। তিনি অন্যান্য রাজনৈতিক দলকেও পরামর্শ দেন, আগে থেকেই মাঠে গিয়ে জনগণের কথা শুনতে হবে।
সারজিস আলম আরও বলেন, “অনেক স্থানীয় নেতাকর্মী কিছু নির্দিষ্ট এলাকায় কয়েকজন মিলে কার্যক্রম চালাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের কয়েকদিন আগে গিয়ে ভোট পেয়ে জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মানুষ বয়স, দলের নাম বা প্রতীকের প্রতি আনুগত্য থেকে বেরিয়ে এসে সঠিক প্রার্থীকে ভোট দেবে।
সংগঠনের প্রসঙ্গে সারজিস জানান, এনসিপি দেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে। উত্তরাঞ্চলের ৩২টি জেলার মধ্যে ২০টিতে ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এই কমিটি কার্যকর করার লক্ষ্য রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান ও সংসদে জনগণের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এনসিপির অগ্রাধিকার।

