কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকের সঙ্গে সহিংসতার ঘটনায় তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় আরও নয়জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আফসানা পারভিন তিনা, নাহিদ ইসলাম ও রিয়াদ মোর্শেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফসানা পারভিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাংবাদিক আরিফের মোবাইল কেড়ে নেওয়া ও মারধরের জন্য উসকানি দিয়েছেন। নাহিদ ইসলাম সাংবাদিক রবিউলকে তলপেটে লাথি মারে এবং আরিফ বিল্লাহর মোবাইল রিসেট করে মেডিকেল সেন্টারে ফেলে রাখে। রিয়াদ মোর্শেদ প্রক্টরের কাছে মিথ্যা অভিযোগ দায়ের ও ঘটনা ত্বরান্বিত করতে সহায়তা করার কারণে বহিষ্কৃত হয়েছেন।
অপরদিকে, ঘটনার সঙ্গে পরোক্ষে যুক্ত নয়নবাহিনীসহ অন্যান্য শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

