জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। শুক্রবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে ভুল তথ্য দিয়ে একটি দলের হয়ে কাজ করছে। তারা সরকারকে এমনভাবে পরিচালনা করতে চাচ্ছে যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়।”
তাহের উল্লেখ করেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি হয়ে যাবে এবং গণভোটে মানুষের মনোযোগ কমে যাবে। এটি একটি দলের জন্য ‘ফাঁদ’ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকারের ওই দলের প্রতি আনুগত্য বা দুর্বলতার প্রকাশ ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। এটি শুরু হয়েছিল লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে এবং পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার বদলে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক উপস্থিত ছিলেন।
জুলাইয়াস জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন চালাচ্ছে। এই দলগুলো হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।

