জামিউল ইসলাম তুরান, (শান্তিগঞ্জ প্রতিনিধি):
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শনিবার (২০ সেপ্টেম্বর) নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শিবিরটি আয়োজন করেছে সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ।
চিকিৎসা সেবা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্তা সাহা। যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা রেজাউল কবির জায়গীরদার রাজা জানিয়েছেন, উপজেলার শিমুলবাক, জয়কলস, পাথারিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় রোগীদের মৌলভীবাজারের একটি হাসপাতালে বিনামূল্যে অপারেশনও করানো হবে।
শিবিরে ৭ জন অভিজ্ঞ ডাক্তার এবং প্রায় ১০ জন নার্স স্বেচ্ছাসেবক দিনব্যাপী রোগীদের চিকিৎসা দিয়েছেন। রেজাউল কবির জায়গীরদার রাজা বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষকে সাহায্য করা।”
চিকিৎসা সেবা পেয়ে সাধারণ রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। শিবির পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য ফারুক আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

