বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল যে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও পার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্ক ভালো নেই। এমনকি বিচ্ছেদের পথে চলার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা এসব জল্পনা উল্টে দিয়েছেন।
বর্তমানে মিথিলা মুম্বাইয়ে সৃজিতের সঙ্গে অবস্থান করছেন। যদিও তারা কখন পৌঁছেছেন তা স্পষ্ট নয়, তবে সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে মিথিলা বলেন, “এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি, মেয়ের (আইরা) সঙ্গে সবাই পরিচিত হলো। গত বছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে সময় কাটালাম।”
তিনি আরও জানান, “আমি বোম্বেতে কিছু দেখিনি। গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়, সৃজিতকে বললাম, ‘আমাকে প্লিজ সেটা দেখাও।’ তখন বলল, ‘ওটা এখন বন্ধ, কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।’ আমি ভাবলাম, এটা কি সম্ভব! পরে গুগল করে দেখলাম, সত্যিই বড় স্থাপনা ঢেকে রাখা যায়। সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়।”
মিথিলার ও সৃজিতের বিচ্ছেদের গুঞ্জন দীর্ঘদিন ধরে নেটমাধ্যমে প্রচলিত ছিল। আগের এক পডকাস্টে মিথিলা জানিয়েছিলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।” স্বামী সম্পর্কিত সরাসরি প্রশ্নে তিনি রহস্য রেখে বলেন, “এটা যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না। তবে পাসপোর্টে তার নাম রয়েছে।”

