জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নামে কোনো উল্লেখ থাকবে না। যা ঐকমত্য হয়েছে, তা চূড়ান্তভাবে জনগণ নির্ধারণ করবে।
তিনি বলেন, “জনগণ যদি কিছু বলে, সেগুলোই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচনের পথে এগোতে পারব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।”
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, আগামী সংসদ এবং গঠিত সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এভাবে জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়িত হবে। তবে তার আগে গণভোটের মাধ্যমে বর্তমান দাবি-দাওয়া পূরণ করতে হবে এবং তিনি উল্লেখ করেন, জুলাই সনদের অর্ডার প্রদানের প্রক্রিয়া ড. মুহম্মদ ইউনুসের হাতে থাকা উচিত।
নাহিদ ইসলাম বলেন, “আগামী নির্বাচনে যারা গণঅভ্যুত্থানের অংশীদার ছিলেন, তাদের সবাইকে সংসদে থাকার সুযোগ থাকা উচিত। নতুন সংসদ ও সংস্কার পরিষদ নতুন সংবিধান নিয়ে কাজ করবে। সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি এই দিকটি নিশ্চিত করার চেষ্টা করবে।”

