জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন জরুরি। তিনি বলেন, ‘সোজা আঙুলে যদি ঘি না উঠে, তাহলে আঙুল বাঁকা করবো। তবে ঘি আমাদের অবশ্যই লাগব। তাই যা বোঝাতে চাইছি, তা বুঝুন। নো হাঙ্কি পাঙ্কি, নির্বাচনের আগে গণভোট হবে।’
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে একটি সংক্ষিপ্ত সমাবেশে ডা. তাহের এ বক্তব্য দেন। এ দিন জামায়াতসহ ৮টি দল প্রধান উপদেষ্টার কাছে গণভোটসহ পাঁচ দফা দাবি তুলে স্মারক লিপি দেয়।
সমাবেশে তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কৌশল বোঝি। তাই আমাদের দাবি আদায়ের পথও তদনুসারে হবে। আমরা এখনও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালাচ্ছি।’
জুলাই-অগাস্টের সময়কার রক্তক্ষয়ই শেষ রক্তদানের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, তখনকার ঘটনাবলিই শেষ হত। কিন্তু অল্প সময়ের মধ্যে আবারও আমাদের রাজপথে নামতে হয়েছে। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেবো না।’
ডা. তাহের বলেন, ‘কেউ বলে গণভোটের জন্য অনেক টাকা লাগবে। কিন্তু একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তাতেই একটি গণভোট আয়োজন করা সম্ভব। প্রতিদিন এক গণভোট করলেও সমস্যা হবে না। তাই সরকার ও চাঁদাবাজদের বলবো, এসব বন্ধ করুন, তখন টাকার অভাব হবে না।’
তিনি উল্লেখ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, তবে ফোনে পাওয়া যায়নি। তবে আজকের কর্মসূচির পর পুনরায় যোগাযোগের চেষ্টা করা হবে, এবং বিএনপিকেও আলোচনার পরিবেশ তৈরি করার জন্য অনুরোধ জানানো হবে।

