সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার শহরের কোট রোড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ সাত লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে।
ক্ষতিগ্রস্ত দোকান মেসার্স আলহাজ্ব রকিব স্টোর-এর স্বত্বাধিকারী মো. ইসমাইল হোসেন জানান, জুম্মার নামাজের সময় তিনি দোকান তালাবদ্ধ করে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন দোকানের সিসি ক্যামেরার সংযোগ কাটা,ক্যাশের তালা ভাঙা এবং টিনের চাল ভেঙে ফেলা হয়েছে। এ সময় দোকানের সিসি ক্যামেরার মেশিনটিও চুরি হয়ে গেছে। পরে ক্যাশ কাউন্টার খুলে দেখা যায়, সাত লাখ টাকা ও একটি মোবাইল ফোন নেই।
ঘটনার পর মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন,“চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।”

