ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা থাকতে পারে—এমন মন্তব্য এবং ইরানের আত্মসমর্পণের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
আসলানি বলেন, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য তেহরানে কোনো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। বরং ইরানের বর্তমান অবস্থানে অটল থাকার বার্তাই এতে প্রতিফলিত হচ্ছে।
ইরানি কর্মকর্তাদের মতে, দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর এখতিয়ারভুক্ত। এই প্রক্রিয়ায় বিদেশি কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। ট্রাম্পের এমন দাবিকে তারা ‘হাস্যকর’ বলে উল্লেখ করে সরাসরি নাকচ করে দিয়েছেন।
গত কয়েক দিনের ঘটনাবলী বিশ্লেষণ করে আসলানি আরও বলেন, তেহরানের বর্তমান অবস্থানে এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা নীতি পরিবর্তনের ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না। বরং ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে তারা তাদের কঠোর অবস্থান বজায় রাখছে।
সূত্র: আল জাজিরা

