বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। এ তথ্য জানিয়েছেন দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সম্প্রতি এক গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারে এটি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে বর্তমানে সংস্কার কাজ চলছে, পাশাপাশি সীমানা প্রাচীর ও নিরাপত্তার জন্য কাঁটাতারের বেষ্টনিও তৈরি করা হয়েছে।
তারেক রহমান যে কার্যালয় থেকে দায়িত্ব পালন করবেন, সেখানে গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
ফজলে এলাহী জানান, চলতি মাসে তারেক রহমান ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা ছিল, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের পরে সফরটি হবে।
এছাড়া, বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। খুব শিগগিরই প্রয়োজনীয় অস্ত্রের লাইসেন্সও দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ফজলে এলাহী।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

