দীর্ঘ ২২ বছর পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার তিনি সিলেটে পৌঁছাবেন। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হবে।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান বুধবার রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। তার সঙ্গে কেন্দ্রীয় শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও থাকবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করবেন তিনি। এ জনসভার মাধ্যমেই শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।
সিলেটে পৌঁছে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। দলীয় একটি সূত্র জানায়, তিনি নগরীর দক্ষিণ সুরমাস্থ শ্বশুর বাড়িতেও যেতে পারেন। সফরকে কেন্দ্র করে আজ রাতেই সিলেটে পৌঁছাবে বুলেটপ্রুফ বিশেষ গাড়ি, যে গাড়িতে করে তিনি সড়কপথে বিভিন্ন স্থানে সমাবেশ শেষে ঢাকায় ফিরবেন।
সিলেটের জনসভা শেষে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এসব সমাবেশে সিলেট বিভাগের বিএনপি মনোনীত এবং জোটভুক্ত প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। সুনামগঞ্জে সমাবেশ আয়োজন সম্ভব না হওয়ায় ওই জেলার প্রার্থীদের সিলেটের মঞ্চে উপস্থাপন করা হবে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিভিন্ন স্থানে প্রচার মিছিল ও গণসংযোগ কার্যক্রম চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পোশাকি ও সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা নজরদারি, রুট প্রটেকশন, ট্রাফিক নিয়ন্ত্রণ, চেকপোস্ট ও সিসিটিভি নজরদারির পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা মাঠে থাকবেন।
সিলেটের সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

