ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ চারজনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতে প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির উদ্যোগে আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তার ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সোমবার রাতে তিনি শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের গেস্ট হাউসে রাত্রিযাপন করবেন। পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন। কর্মসূচি শেষে তিনি পঞ্চগড় জেলার উদ্দেশে রওনা হবেন।
দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের ঠাকুরগাঁও আগমন দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। তারা মনে করছেন, এই সফর গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে আরও বেগবান করবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, দীর্ঘদিন পর নেতার আগমনকে কেন্দ্র করে দলের সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশনেত্রীর স্মরণে আয়োজিত এই কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মী বলেন, এই সফর তৃণমূলের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের উপস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, শহীদদের আত্মত্যাগ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করার মধ্য দিয়ে বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার নতুন করে তুলে ধরবে।
জেলা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, তরুণ প্রজন্মের কাছে এই সফর একটি বার্তা বহন করে—রাজপথের আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম এখনও চলমান।
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়াবে।
এদিকে তার আগমনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন।
তিনি আরো বলেন, এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জেলা বিএনপির নেতারা জানান, সর্বশেষ ২০০৩ সালে শীত মৌসুমে কম্বল বিতরণ কর্মসূচিতে তারেক রহমান ঠাকুরগাঁও সফর করেছিলেন।

