দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধ সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তার এই আগমনকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ধোয়া-মোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্মৃতিসৌধের গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, তারেক রহমানের সফর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকেই পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। স্মৃতিসৌধের প্রধান মিনার এলাকা ঝাড়ু দেওয়া, ঘাস ছাঁটা এবং লেকের পানি পরিষ্কারসহ আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করা হচ্ছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু সংবাদমাধ্যমকে জানান, ভিআইপি অতিথিদের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া হয়, সেভাবেই স্মৃতিসৌধ প্রাঙ্গণকে প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে শ্রদ্ধা নিবেদনের বেদি এবং অতিথিদের যাতায়াতের পথগুলো বিশেষভাবে পরিষ্কার করা হচ্ছে। প্রয়োজনে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হতে পারে।
তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক পুলিশ এবং সাদা পোশাকের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। পুরো এলাকাটি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি সম্মান জানাবেন, যা তার স্বদেশ প্রত্যাবর্তনের পর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কর্মসূচি হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

