দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে ফিরেই তারেক রহমান প্রথমে সংবর্ধনা গ্রহণ করবেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম্মা তারেক রহমান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তিনি জানান, ২৭ ডিসেম্বর (শনিবার) তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। একই দিন তিনি শেরেবাংলানগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেবেন। পাশাপাশি তিনি শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।
এ সময় তিনি জনগণের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, তারেক রহমানের আগমনের কারণে রাজধানীতে সাময়িক জনদূর্ভোগ সৃষ্টি হতে পারে। এ জন্য তিনি আগাম ক্ষমা প্রার্থনা করেন।

