আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বলে জানা গেছে। দেশে ফিরে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন।
গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন।
বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীদের ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি এখনও ভোটার হননি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী হতে গেলে তাঁকে অবশ্যই ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে হবে।
ভোটার হওয়ার বিষয়ে আইনি অবস্থান
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন যে তারেক রহমান এখনও ভোটার হননি। তবে তিনি উল্লেখ করেন, কমিশন চাইলে তাঁর ভোটার হতে কোনো আইনি বাধা নেই।
ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারায় বলা আছে যে, ‘কমিশন যে কোনো সময় কোন ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে।’ এছাড়া ১৭ ধারায় কমিশনের সিদ্ধান্তকে আদালতে প্রশ্ন না করার কথাও বলা আছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরেই ভোটার হওয়ার জন্য আবেদন করলে, কমিশন চাইলে তাঁকে যেকোনো সময় ভোটার করতে পারে।
লন্ডন সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় তারেক রহমান যেকোনো সময়ে দেশে ফিরবেন। তাঁর আস্থাভাজন একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন যে, মহান বিজয় দিবসে দেশে ফেরার গুঞ্জন থাকলেও, তিনি চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন। সেই লক্ষ্যে তাঁর সফরসঙ্গীরাও প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন এবং সেখান থেকে ভার্চ্যুয়ালি দলের কার্যক্রম পরিচালনা করেন। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে দেশে ফিরে ভোটার হয়েছেন।

