বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনাস্থলে মঞ্চে উঠে নিজের জন্য বরাদ্দ বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ একটি চেয়ার টেনে সেখানে বসলেন।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মঞ্চে ওঠার আগে তিনি লাখো জনতার মাঝে দিয়ে সংবর্ধনা মঞ্চের দিকে এগিয়ে যান। বিমানবন্দর থেকে রওনা হয়ে রাজধানীর পূর্বাচলের রাস্তা ঘিরে নেতা ও সাধারণ মানুষ উভয়েই প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে উপস্থিত ছিলেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন। রাস্তায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। তিন ঘণ্টা ১৫ মিনিটের যাত্রাপর্ব শেষে তিনি মঞ্চে পৌঁছান।
এর আগে, তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরার আগে, বুধবার (২৪ ডিসেম্বর) তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সংবর্ধনা মঞ্চে সাধারণ চেয়ারে বসে জনতার প্রতি নম্রতা ও সংহতি প্রদর্শন করেছেন তারেক রহমান, যা উপস্থিতদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

