সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পটুয়াখালী জেলায় আমন ধান আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে। এর বিপরীতে আবাদ হয়েছে প্রায় ১ লাখ ৮৯ হাজার ৮৩৫ হেক্টর জমিতে।
প্রতি হেক্টরে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩.৫৬ মেট্রিক টন। তবে বাম্পার ফলনের কারণে কৃষি বিভাগ ধারণা করছে, হেক্টরপ্রতি উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ৫ থেকে ৬ শতাংশ বেশি হতে পারে। সে হিসেবে চলতি মৌসুমে জেলায় মোট ধান উৎপাদন দাঁড়াতে পারে প্রায় ৬ লাখ ৬২ হাজার মেট্রিক টন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম বলেন, ‘ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে জেলায় প্রায় ১৪ হাজার কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এ বছর আবহাওয়া অনুকূলে ছিল। একটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা থাকলেও তা হয়নি।
সার ও ওষুধের সহজলভ্যতাও ছিল। এসব কারণেই জেলাজুড়ে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।’ কৃষি অফিস মনে করছে, এই উৎপাদন শুধু কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতাই বাড়াবে না, বরং জেলার খাদ্য উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি জাতীয় পর্যায়েও চালের যোগান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—

