গুরুতর অসুস্থতায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সুস্থতা প্রত্যাশায় দেশজুড়ে চলছে দোয়া ও প্রার্থনা।
এ ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি তার অনুভূতি প্রকাশ করেন।
পোস্টে তামিম ইকবাল লেখেন, খালেদা জিয়া জীবনের নানা প্রতিকূল পরিস্থিতি সাহসের সঙ্গে অতিক্রম করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারও সব বাধা পেরিয়ে সুস্থ হয়ে ফিরে আসবেন। পাশাপাশি সবাইকে খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে গঠিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিকভাবে সিসিইউতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

