পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে এর প্রভাব অনুভূত হয়। এতে ব্যাপক আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন মানুষজন।
ভূকম্পবিদদের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এর উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
সবচেয়ে তীব্র কম্পন টের পাওয়া গেছে পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলায়। এছাড়া লোয়ার দির ও মারদানেও কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। খাইবার জেলার ল্যান্ডিকোটালে মূল ভূমিকম্পের পর বেশ কয়েক দফা আফটারশক রেকর্ড করা হয়েছে।
রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী শহরগুলোতে অফিস ও বাসাবাড়ি থেকে মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। সোয়াত ও চিত্রালের মতো পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আফটারশকের শঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের ঝুঁকি সর্বদা বিদ্যমান।

