বিয়ের দেড় বছর পর নিজেদের এক গোপন তথ্য প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি জানালেন, তিনি ও তার স্বামী অভিনেতা জাহির ইকবাল বিয়ের অনেক আগে মুম্বাইয়ে একসাথে নতুন বাড়ি কিনেছিলেন।
সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে নতুন বাড়ির সংস্কার ও সাজসজ্জা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন সোনাক্ষী। ভিডিওতে দেখা যায় জাহিরকেও, যেখানে তারা ভক্তদের ঘুরিয়ে দেখান তাদের নতুন বাড়ি—ড্রয়িংরুম, রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি কোণ।
সোনাক্ষী জানান, নয় মাস ধরে চলে আসছে সংস্কারের কাজ, যা এখন প্রায় শেষ পর্যায়ে। জাহির ইকবাল বলেন, তারা বিয়ের অনেক আগে বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছিলেন, তবে সংস্কারের কাজ শুরু করেন বিয়ের পর। হাসিমুখে যোগ করেন, “আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনারকে বিয়ের দশ দিন আগে পাই।”
সংস্কারকাজে যুক্ত ঠিকাদারদের কৃতিত্বও দেন জাহির। তিনি বলেন, “তারা অবিশ্বাস্য দ্রুততায় নয় মাসেই সব কাজ শেষ করেছেন।”
জাহির মজার ছলে নিজের অদ্ভুত রুচির কথা শেয়ার করেন—একটি এমন বেসিন চাওয়া যেখানে পানি মাঝখান দিয়ে পড়বে এবং কল ছুঁতে হবে না, এমন আসবাবপত্র চাওয়া যা এত মজবুত যে কেউ এর ওপর দাঁড়িয়ে নাচতে পারবে।
এ কথা শুনে সোনাক্ষী হাসতে হাসতে বলেন, তিনি ঘরের সাজে সাদা ও পরিষ্কার থিম পছন্দ করেন, যা তার সরল ও মার্জিত রুচির প্রতিফলন।
প্রসঙ্গত, সালমান খানের আয়োজিত এক পার্টিতে প্রথম দেখা হয়েছিল সোনাক্ষী ও জাহিরের। সালমান প্রযোজিত ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে ২০১৯ সালে বলিউডে অভিষেক হয় জাহিরের। অন্যদিকে, সোনাক্ষী জাহিরের সঙ্গে অভিনয় করেন ২০২২ সালের ‘ডাবল এক্সএল’ সিনেমাতে এবং ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতে।
দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০২৪ সালের ২৩ জুন মুম্বাইয়ে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন তারা। এরপর তারকাখচিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা, বিদ্যা বালান, টাবু, অনিল কাপুরসহ বলিউডের অনেক তারকা।

