ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দিনব্যাপী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন দুই ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ ছাড়া ভোটগ্রহণ এবং গণনা প্রক্রিয়া স্বাভাবিক ছিল।
তবে মঙ্গল (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে—দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত—বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। এতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ফলাফল ঘোষণার আগেই বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জামায়াত-শিবির ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। নীলক্ষেত, শাহবাগ মোড়, টিএসসি এলাকা ও দোয়েল চত্বর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ভোট চুরির অভিযোগ তুলে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, ফলাফল ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সন্ধ্যার পর থেকে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

