ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার ভোর থেকে উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে সাধারণ মানুষের মাঝে কিছুটা উদ্বেগ থাকলে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করায় জনজীবনে প্রভাব কোন প্রকার পড়েনি।
এদিকে দেশের পূর্বাঞ্চল রেলপথে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া জংশন স্টেশনে যাত্রা বিরতি থাকা প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। তাছাড়া পৌর শহরসহ উপজেলার সব কয়টি সড়কে অন্যান্য দিনের মতো সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে দুপুরে রেলওয়ে জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী,আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের তৎপরতা চোখে পড়ে।
তাছাড়া উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছে বেশ তৎপর। তারা কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করেন। এ রিপোর্ট দুপুর ২টা লিখা পযর্ন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
সিএনজি চালক মো: বাবুল মিয়া বলেন রায়কে ঘিরে সড়কে কোনো শঙ্কা নেই। সকাল থেকেই অন্যান্য দিনের মতো সকল প্রকার যানবাহন স্বাভাবিকের মতোই চলাচল করছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, রেলপথে নাশকতারোধে আমরা খুবই সতর্ক অবস্থানে রয়েছি। কেউ যদি অপ্রীতিকর কিছু ঘটাতে চায় তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার মো: নুরুন্নবী বলেন, শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে এখানে কোন প্রভাব পড়েনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

