জামালপুর জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার কন্যা নাশিদা শাফিয়া বিনতের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই কারণ দর্শানো নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল ১১ জানুয়ারি ওই নোটিশ জারি করেন। নোটিশে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Nashida Shafia Bintee’ নামক একটি আইডি থেকে ৩ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট ও প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হয়।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে ফেসবুক পোস্টগুলো যাচাই করে অভিযোগের সত্যতা পান। বিচারক মো. আহমাদুল কবির সাকিল নোটিশে জানান, একজন প্রার্থী সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

