জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাফল্যের পর শুকরিয়া প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।”
তিনি বলেন, “যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।”
শিবির সভাপতি আরও বলেন, “কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রীতির অনন্য উপমা হয়ে উঠবে এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।

