রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার রাতে তাদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার, ১৩ অক্টোবর, তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন শুধুমাত্র একটি দাবি নয়, এটি তাদের অস্তিত্বের লড়াই। তাদের ভাষ্য, সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত এবং পরিণত আন্দোলন আগে কখনও দেখা যায়নি।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের পরও এখনও তাদের দাবিটি পূরণ হয়নি, তাই তারা বাধ্য হয়ে আবারও নতুন কর্মসূচিতে যেতে চাইছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব অধ্যাদেশ জারি করবে, যাতে তারা আবার শান্তিতে পড়ার টেবিলে ফিরে যেতে পারেন।
শিক্ষার্থীরা এই কর্মসূচিকে তাদের “শেষ পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে তাদের শিক্ষা জীবন গুরুতর হুমকির মুখে পড়বে।

