আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।
রবিবার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ভোটের আগে-পরের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া তফসিল রেকর্ডিংয়ের জন্য সোমবার বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগের নির্বাচনগুলোতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলত। নতুন সিদ্ধান্তে এবার ভোটগ্রহণের সময় মোট এক ঘণ্টা বৃদ্ধি পেল।

