বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ক্যারিয়ার শুরু ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ভক্তের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে তাদের মধ্যেই এক নারী ভক্ত মৃত্যুর আগে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি তার নামে লিখে দিয়ে গিয়েছিলেন।
সম্প্রতি কপিল শর্মার শো-তে সঞ্জয় দত্ত নিজেই জানান, ২০১৮ সালে দক্ষিণ মুম্বাইয়ের বাসিন্দা নিশা পাটেল নামে এক নারী মৃত্যুর আগে আইনি প্রক্রিয়ায় তার সম্পত্তি তার (সঞ্জয় দত্তের) নামে করে দেন। সম্পত্তির মূল্য ছিল প্রায় ১৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৯ কোটি টাকা।
সঞ্জয় দত্ত বলেন, “একদিন থানার ফোনে জানলাম, এক মহিলা মারা গেছেন এবং তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে গেছেন। পরে খোঁজ নিয়ে দেখি কয়েকটি বিল্ডিংসহ মোট সম্পত্তি প্রায় ১৫০ কোটি রুপি। আমি বলেছিলাম, আমি ওই মহিলাকে চিনিও না। তবে তিনি হয়তো আমার ভক্ত ছিলেন। তার পরও সম্পত্তির ওপর আমার কোনো অধিকার নেই। তাই আমি সম্পূর্ণ সম্পত্তি তার পরিবারের কাছে ফিরিয়ে দিই।”
অভিনেতা আরও জানান, শর্ত ছিল শুধু একটাই— যেন সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করা হয়।
এদিকে সঞ্জয় দত্তকে সম্প্রতি এ. হর্ষা পরিচালিত ‘বাঘি ৪’ সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা গেছে। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ।

