পরিচালক রাজ নিদিমরু আর অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। ২০২৩ সাল থেকে তারা মিডিয়ায় চর্চায়, এবং দু’জনে ইতিমধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন।
সেটে তাদের ঘন ঘন একসঙ্গে উপস্থিতি ভক্তদের নজর কাড়ছে। সেই গুঞ্জনে যেন সিলমোহর দিলেন সামান্থা। সামান্থা রাজের কোমর জড়িয়ে ধরে সাংবাদিকদের সামনে পোজ দেওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সামান্থার পারফিউম ব্র্যান্ড সিক্রেট আলকেমিস্টের একটি ইভেন্টে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। সেখানে সামান্থা বলেন, তিনি কিছু সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন, যার মধ্যে অন্যতম তার অভিনয় জীবন। বাকি পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
তবে অনুরাগীরা তাদের বার্তা এবং ঘনিষ্ঠ পোজ থেকে মনে করছেন, সামান্থা ও রাজ ‘ফ্যামিলি’ গড়ার সিদ্ধান্তও নিতে পারেন।

