রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়া ভারতের সঙ্গে সহযোগিতা করছে। বিদ্যুৎকেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে দুটি ইতোমধ্যেই চালু রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, রাশিয়া পুরো কেন্দ্রটি সম্পূর্ণ সক্ষমতার সঙ্গে চালু করার দায়িত্ব পালন করবে।
শুক্রবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনা করছি। ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতোমধ্যেই এনার্জি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এবং বাকি চারটি এখনো নির্মাণাধীন। এই কেন্দ্র ভারতের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
পুতিনের মন্তব্য রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম এর একটি বিবৃতির পরে এসেছে। ওই বিবৃতিতে বলা হয়, কুদানকুলাম প্ল্যান্টের তৃতীয় চুল্লির জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান সরবরাহ করা হয়েছে।
এনডিটিভি জানায়, পুতিন দুই দিনের ভারত সফরে রয়েছেন এবং এই সময় জ্বালানি খাতসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন।
পুতিন আরও বলেন, “আমরা ছোট মডুলার চুল্লি, ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পারমাণবিক প্রযুক্তির অ-শক্তি ব্যবহার, যেমন চিকিৎসা ও কৃষিতে প্রয়োগের বিষয়ে কথাবার্তা বলার পরিকল্পনা করছি। ভারতে তেল, গ্যাস, কয়লা এবং অন্যান্য জ্বালানি সরবরাহে রাশিয়া একটি নির্ভরযোগ্য অংশীদার। এটি দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতিকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।”

